ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে সিলেটে উপস্থিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে।
নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগান।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশজুড়ে বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।
প্রসঙ্গত, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেট পৌঁছান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের এই জনসভা শেষে তার সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


