ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক দল, ছাত্রদল ও পৌর ছাত্রদল থেকে ১২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৪৯ পিএম
প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও ছাত্রদলের ১২ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তারা এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ‘হাঁস’ প্রতীকের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষক দল ও ছাত্রদলের এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কিশোরগঞ্জ জেলা শাখার অধীন নিকলী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাধীন, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম টিটু।

এ ছাড়া কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের অধীন নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় হাসান, মো. সিয়াম হাসান অক্ষর; বাজিতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াছেক আলম আজাদ (রুপু), মাইনুল হক রিপন, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি; বাজিতপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিম মিয়া; বাজিতপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সিমন আহমেদ রিয়াদ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃতদের সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (সহসভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বহিষ্কৃত কৃষক দল নেতা নজরুল ইসলাম বলেন, বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল দলের দুঃসময়ে নেতাকর্মীদের ছেড়ে যাননি। আমাদের বহিষ্কার করে হাঁস প্রতীকের বিজয় ঠেকানো যাবে না।

ছাত্রদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসান বলেন, জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি। ১৭ বছর নিকলীতে ছাত্রদলের ব্যানার ধরার লোক ছিল না। আজ বহিষ্কার নয়, পুরস্কারই পেলাম। ধানকে হৃদয়ে লালন করেছি হাঁস দিয়ে সেই ধান খাওয়াব।

নিকলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয় বলেন, হুদা সাহেবের বাবা দল শেষ করেছেন। বিএনপিতে যোগ দিয়ে এখন নিকলী উপজেলা বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন।