ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

হাতকড়াসহ আসামি ছিনতাই ৬৫ জনের বিরুদ্ধে মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৫২ এএম

কক্সবাজারের কুতুবদিয়ায় মিজানুর রহমান নামের এক পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে চার পুলিশ সদস্যকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনসহ মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ী করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী কুতুবদিয়া থানার এএসআই অমল বড়ুয়া অভিযোগে জানান, স্ত্রীর দায়ের করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীরপাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেনÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত রোববার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় হঠাৎ প্রায় অর্ধশতাধিক লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চওড়া হয়। হামলাকারীরা চার পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর করে হ্যান্ডকাফ পরা অবস্থায় মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় সাঁড়াশি ও চিরুনি অভিযান চালিয়ে হামলার সঙ্গে সরাসরি জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া মূল পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনো পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাঈদুল হক জানান, রাতভর বিভিন্ন কৌশল ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ওই আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মো. মাহাবুবুল হক বলেন, মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, হামলায় আহত চার পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া পলাতক আসামি মিজানুর রহমানসহ পুলিশের ওপর হামলা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তরে অভিযান অব্যাহত রয়েছে।