ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

ময়মনসিংহ ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০৩ এএম

ময়মনসিংহে ট্রাক-অটো বাইকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আবদুল মোতালেবের ছেলে শিলা আক্তার (২৫), মহানগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)। কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে ঘটনাস্থলে দেবরাজ ঘোষ নামে একজনের মৃত্যু হয়। আহত হন অটোচালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা ও আবেদাকে মৃত ঘোষণা করেন। অপর আহত নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, অটোচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এসআই খালিদ বলেন, দুই নারীসহ তিনজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাসচাপায় তুহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার টঙ্গী পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের নূর হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।