চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
চীন ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউনান প্রদেশের পু’এর শহরের মোজিয়াং কাউন্টি। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কয়েকটি যাত্রীবাহী ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে চীন-লাওস রেলপথে কিছুটা বিলম্ব দেখা দেয়।
এদিকে, ভূমিকম্পের পর ইউনান প্রাদেশিক ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর চতুর্থ স্তরের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে।

