ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:৩১ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর এবং সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তবে বিএনপি কেন এটি করছে, তা বোধগম্য নয়।

তিনি আরও জানান, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের সংসদ সদস্যরা বৈঠক করেন। বৈঠকে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা আসন্ন অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা এখনো নির্ধারিত হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসেনি। এ ছাড়া জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ দেবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।