২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ফুটবল বিশ্বে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই মেগা আসরে হেক্সা মিশনের লক্ষ্যে কোমর বেঁধে নামবে ব্রাজিল। দলের প্রস্তুতির মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইএসপিএন ব্রাজিল।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, সেলেসাওদের ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য তার স্কোয়াডের ১৮ জন খেলোয়াড়কে ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন। ফলে ২৬ সদস্যের মূল দলে জায়গা পেতে বাকি ফুটবলারদের সামনে মাত্র ৮টি আসন ফাকা রয়েছে।
আনচেলত্তির বাছাই করা ১৮ জনের তালিকায় গোলপোস্টের নিচে ভরসা হিসেবে থাকছেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে মার্কুইনহোস ও এদের মিলিতাওয়ের সঙ্গে জায়গা করে নিয়েছেন গ্যাব্রিয়েল মাগালেস, অ্যালেক্স সান্দ্রো ও ডগলাস সান্তোস।
মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর পাশাপাশি আনচেলত্তি আস্থা রাখছেন আন্দ্রে সান্তোস ও ব্রুনো গুইমারেসের মতো তরুণ তুর্কিদের ওপর। এছাড়াও মাঝমাঠের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে থাকছেন লুকাস পাকেতা ও লুইস এনরিকে।
আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো রিয়াল মাদ্রিদ তারকাদের থাকাটা অনুমেয়ই ছিল। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা এবং জোয়াও পেদ্রো। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে তরুণ বিস্ময় এস্তেভাওকে, যাকে নিয়ে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে মাতামাতি শুরু হয়েছে।
নেইমারের ভাগ্য কোন দিকে?
এই তালিকার সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো ব্রাজিলের মহাতারকা নেইমারের অনুপস্থিতি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই প্রথম ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন সাবেক পিএসজি তারকা।
তবে সাম্প্রতিক গুঞ্জন ও ইএসপিএন-এর রিপোর্ট বলছে, আনচেলত্তির চূড়ান্ত পরিকল্পনায় নেইমারের জায়গা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। দিন যত যাচ্ছে, স্কোয়াডে তার অন্তর্ভুক্তির সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে।
একনজরে ১৮ সদস্যের তালিকা
গোলরক্ষক ও রক্ষণভাগ: অ্যালিসন বেকার, মার্কুইনহোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, অ্যালেক্স সান্দ্রো এবং ডগলাস সান্তোস।
মিডফিল্ড: কাসেমিরো, আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা এবং লুইস এনরিকে।
আক্রমণভাগ: ম্যাথিউস কুনহা, রদ্রিগো, জোয়াও পেদ্রো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন