ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে শুরু করেছে দলগুলো। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার শেষ ৩২-এর টিকিট কেটেছে জার্মানি।
গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগলসম্যানের দল। টানা দুই ম্যাচে জয় পাওয়ায় জার্মানির পয়েন্ট দাঁড়িয়েছে ৬, যা তাদের পরের রাউন্ডে ওঠার জন্য যথেষ্ট।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছিল মেক্সিকো। অন্যদিকে গ্রুপ ‘ডি’ থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে।
৪৮ দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। সেই হিসেবে গ্রুপপর্ব শেষে মোট ২৪টি দল সরাসরি নকআউট পর্বে খেলবে। এছাড়া ১২ গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা আটটি দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে।
আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে মাঠে গড়াবে নকআউট পর্ব তথা শেষ ৩২-এর ম্যাচগুলো।
এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করা দলগুলো-
গ্রুপ ‘এ’ : মেক্সিকো
গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘ই’ : জার্মানি


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন