সরকারি সিদ্ধান্তে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাংলাদেশি দর্শকরা ঘরে বসেই বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। কোন চ্যানেলে খেলা দেখা যাবে, তা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করা হবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। র্যাবিটহোলবিডি অ্যাপ মূলত গাজী টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলা দেখাচ্ছে। পাশাপাশি দেশের টি-স্পোর্টস ও নাগরিক টিভিও উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ সম্প্রচার করবে।
আয়োজক ভারত তাদের দেশে স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে খেলা সম্প্রচার করবে। সহআয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচার করবে। শ্রীলঙ্কাতেও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার সুবিধা থাকবে।
মূল টুর্নামেন্টের আগে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব, যা আগামীকাল শেষ হবে। প্রস্তুতিপর্বের ম্যাচগুলোও বাংলাদেশে টিএসএম ও র্যাবিটহোলবিডি অ্যাপ সম্প্রচার করছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে এবং ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে; তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নাম প্রত্যাহার করায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি নতুন সূচি প্রকাশ করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন