ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জোহাদ রেজার কণ্ঠে জাতীয় সংগীতে কেঁপে উঠল স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:০৬ এএম
ছবি : বিসিবি

সময়টা তখন সকাল প্রায় ১০টা। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ ২০২৬-এর প্রথম ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর অপেক্ষায় মুখর পুরো স্টেডিয়াম। গ্যালারিজুড়ে দর্শকদের হাতে লাল-সবুজের পতাকা; চারদিকে শুধু উত্তেজনা আর প্রত্যাশার আবহ।

ঠিক ম্যাচ শুরুর আগমুহূর্তে মিরপুরের ২২ গজে উপস্থিত হন জনপ্রিয় সংগীতশিল্পী জোহাদ রেজা চৌধুরী। এরপরই তার কণ্ঠে ভেসে ওঠে বাংলাদেশের জাতীয় সংগীত— ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’

মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান জানান। অনেকেই শিল্পীর সাথে কণ্ঠ মেলান। স্টেডিয়ামের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে এক অন্যরকম আবেগ; যেন ক্রিকেটের উত্তেজনার মাঝেও সবাই দেশের ভালোবাসায় একাত্ম হয়ে গিয়েছিল।

জোহাদ রেজা চৌধুরীর এই আবেগঘন পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মুহূর্তটিকে ‘Goosebumps Moment’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

অনেকে মন্তব্য করেছেন— এমন মুহূর্তই মনে করিয়ে দেয়, বাংলাদেশ মানেই একরাশ আবেগ।

এর আগে বিসিবি নিশ্চিত করেছিল যে, ঢাকা টেস্টের উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের জন্য জোহাদ রেজা চৌধুরী উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটারদের সাথে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের জাতীয় সংগীত গাইতে দেখা গেলেও বাংলাদেশে এই রীতি তেমন একটা ছিল না। তবে এবার তামিম ইকবালের উদ্যোগে এমন ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে।