× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:১৬ পিএম

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার নদ-নদীর পরিস্থিতি, বৃষ্টিপাত এবং সম্ভাব্য পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি আবার বাড়তে পারে। ফলে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি বাড়লেও সুরমা নদীর পানি কমেছে। আগামী তিন দিনে সুরমা-কুশিয়ারা নদীর পানি আবার বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। পাশাপাশি নদীর কাছাকাছি নিম্নাঞ্চলের কিছু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ফেনী, মুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি বর্তমানে কমছে। এসব নদীর পানি আরও একদিন বাড়তে পারে এবং পরে দুই দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ওড়িশা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।

পাউবোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জিহান জানান, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!