× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:২৪ পিএম

বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বন্যাকবলিত হবিগঞ্জের দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা, ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনীটি।

সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে দিনব্যাপী এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

বিজিবি জানায়, বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪০০টি পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিম প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে।

দিনব্যাপী কার্যক্রমের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে বন্যায় বিচ্ছিন্ন দুর্গম ও জলাবদ্ধ এলাকায় আটকে পড়া অসহায় মানুষের কাছে দ্রুত ও নিরাপদ উপায়ে শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিজিবির দাবি, দুর্যোগকালে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা কার্যকর ও সময়োপযোগী সমাধান হিসেবে প্রশংসিত হয়েছে।

সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করে এর ভূয়সী প্রশংসা করেন।

জেলা প্রশাসক বলেন, ৫৫ বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসা এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যাদুর্গত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ, খাদ্য ও আর্থিক সহায়তা পেয়েছেন। বিজিবির এ মানবিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে হবিগঞ্জ ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলবে।

এ সময় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Link copied!