× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৪ পিএম

জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় রুয়েটের ‘চর্চা’, পেল ১০ লাখ টাকার অনুদান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়ের স্টার্টআপ প্রতিযোগিতায় সাফল্যের নতুন পালক যোগ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম ‘চর্চা’। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রতিষ্ঠানটি ১০ লাখ টাকার অনুদান অর্জন করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী স্টার্টআপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফও উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্টার্টআপ উদ্যোক্তাদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং এসব উদ্যোগ দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহায়তা করবে।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া অসংখ্য স্টার্টআপের মধ্য থেকে মাত্র ছয়টি প্রতিষ্ঠান ১০ লাখ টাকার অনুদান পেয়েছে। এছাড়া ১৫টি স্টার্টআপ উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদর্শনের জন্য স্টল স্থাপনের সুযোগ এবং মাত্র চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে নিজেদের সফলতার গল্প তুলে ধরার সুযোগ লাভ করে। ‘চর্চা’ একমাত্র স্টার্টআপ হিসেবে এই তিনটি ক্ষেত্রেই নির্বাচিত হয়ে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

২০২১ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় কার্যকর অনুশীলন প্ল্যাটফর্মের অভাব থেকে ‘চর্চা’র যাত্রা শুরু করেন রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পরে তাঁর সহপাঠী নাফিস রায়হান পিয়াল বিপণন বিভাগের প্রধান এবং আসাদুল্লাহ আল তাবির পরিচালন বিভাগের প্রধান হিসেবে যুক্ত হন। বর্তমানে রাজশাহী থেকে ৫০ জনেরও বেশি সদস্যের একটি দল প্ল্যাটফর্মটির গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পালন করছে।

‘চর্চা’ একটি এআইনির্ভর ব্যক্তিকেন্দ্রিক স্বশিক্ষণ প্ল্যাটফর্ম, যা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করে। এতে রয়েছে ৩০ লাখেরও বেশি প্রশ্ন, সীমাহীন মডেল টেস্ট, লাইভ পরীক্ষা, তাৎক্ষণিক প্রতিযোগিতা, ব্যক্তিগত অগ্রগতি বিশ্লেষণ, মেধাতালিকা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাসহায়ক সুবিধা। সম্প্রতি যুক্ত হওয়া ‘চর্চা AI’ পাঠ্যবই ও নির্ভরযোগ্য তথ্যভান্ডারের ভিত্তিতে তথ্যসূত্রসহ উত্তর প্রদান এবং শিক্ষার্থীদের দুর্বলতা বিশ্লেষণ করে ব্যক্তিকেন্দ্রিক অনুশীলনের পরামর্শ দিচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে প্ল্যাটফর্মটি। বর্তমানে অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১৫ লাখের বেশি, মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫ লাখেরও বেশি এবং প্রতি মাসে ২০ লাখের বেশি মডেল পরীক্ষায় অংশগ্রহণ সম্পন্ন হয়। ফলে দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে ‘চর্চা’ ইতোমধ্যে লাখো শিক্ষার্থীর আস্থা অর্জন করেছে।

প্রতিষ্ঠাতাদের ভাষ্য, তাঁদের লক্ষ্য শুধু একটি পরীক্ষাভিত্তিক অ্যাপ তৈরি করা নয়; বরং প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও সাশ্রয়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নির্ভরযোগ্য শিক্ষাসঙ্গী তৈরি করা। ভবিষ্যতে আরও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক করার পরিকল্পনাও রয়েছে।

রুয়েট শিক্ষার্থীদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি তরুণকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রাণিত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!