রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা, যানজট এবং বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছ অপসারণে ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। জলাবদ্ধতা দ্রুত নিরসন ও নগরজীবন স্বাভাবিক রাখতে দিনভর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে রোববার সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। একই সঙ্গে সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে ডিএসসিসির কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পানির পাম্প চালু করা হয়েছে। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের মুখগুলো সচল রাখতে ভোর থেকেই নিরলসভাবে কাজ করছেন ইমারজেন্সি রেসপন্স টিমের সদস্যরা।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেতসংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তিনি হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। পরে দুপুর ১টার দিকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা হলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ডিএসসিসি সূত্র জানায়, রোববার সকাল থেকেই প্রশাসক তার আওতাধীন এলাকার বিভিন্ন প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে চলমান পানি নিষ্কাশন কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে একসঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময়ই আপনাদের পাশে রয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন