আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৪ দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি থাকবে। পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার এক দিনের ছুটি সমন্বয় বা অনুমোদন মিললে সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এদিকে, ছুটির সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট এবং ডাকসেবা সচল থাকবে। একই সঙ্গে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে জনস্বার্থে পরিচালিত জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।
এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকালীন কার্যক্রম সম্পর্কে পৃথক নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। উচ্চ ও নিম্ন আদালতের ছুটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন