স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের ইগো ও অহংকার একটি দেশ এবং একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এ ক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কথা উল্লেখ করেন।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সোহেল তাজ তার পোস্টে শেখ হাসিনার ‘আমি এই বছরেই ফিরব’ শীর্ষক বক্তব্যের প্রসঙ্গ টেনে লেখেন, ‘একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।’
পোস্টে তিনি আরও দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন।
এর আগে বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার আশা প্রকাশ করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন