পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে সামুদ্রিক মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম ব্যাপারি (৬০) নামে এক জেলে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহালুম ব্যাপারি পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল ১০টার দিকে ট্রলারটি সাগরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তারা।
খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পটুয়াখালী থেকে আসা চার সদস্যের একটি ডুবুরি দল দীর্ঘ প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে মাহালুম ব্যাপারির মরদেহ উদ্ধার করে।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান শরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে দীর্ঘ সময় অভিযান চালানোর পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন