গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর চৌরাস্তায় আয়োজিত সমাবেশে দলের নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ এবং গণহত্যার বিচার প্রসঙ্গে বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর বর্তমানে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র করছেন। তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা অস্বীকার জনগণ মেনে নেবে না।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদকে অস্বীকার করা হলে সরকারকে রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হবে। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় প্রয়োজন হলে দেশে আবারও জুলাইয়ের মতো গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায়ের বাস্তবায়ন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রু হাসান, মহানগর নায়েবে আমির মো. হোসেন আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
এর আগে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি গাজীপুর চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন