পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৪৩ জন দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই উপকারভোগীদের হাতে এ অর্থ তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এবং সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।
অনুষ্ঠানে উপজেলার ২৪৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অর্থ বিতরণ শেষে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে সকালে তিনি উপজেলার মালিখালী ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন