সিলেট সীমান্তে পৃথক অভিযানে চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।
এর ধারাবাহিকতায় শুক্রবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে একই ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
দুই দফার অভিযানে মোট চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে বাহিনী ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন