২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই জমে উঠেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। তবে ফুটবলের নজরে এখন তার চেয়েও বড় কৌতুহল—জাপান বাধা টপকালে শেষ ষোলোতে নেইমার-ভিনিসিয়ুসদের প্রতিপক্ষ কারা হবে?
৪৮ দলের বিশ্বকাপের টুর্নামেন্টের বিন্যাস অনুযায়ী, শেষ ৩২-এ সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে এফ গ্রুপের রানার্সআপ জাপানের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। ব্রাজিল যদি তাদের এই ম্যাচে জয় পায়, তবে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে এবং আইভরিকোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দল।
ব্রাজিল তাদের নকআউট যাত্রায় যদি নরওয়ের মুখোমুখি হয়, তবে সেটি হবে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ। গ্রুপ ‘আই’ থেকে রানার্স আপ হয়ে আসা নরওয়ের মূল শক্তি আর্লিং হলান্ড এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ড। অন্যদিকে, ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের ছন্দ তাদের শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবে তুলে ধরেছে।
হিউস্টনে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ জিতে প্রথমে নিশ্চিত করতে হবে শেষ ষোলোর টিকিট। ডালাসে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় নরওয়ে বনাম আইভরিকোস্ট মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দলই নিশ্চিত করবে তারা শেষ ষোলোতে সেলেসাওদের মুখোমুখি হবে কি না।
যদি ব্রাজিল এবং নরওয়ে—উভয় দলই তাদের নিজ নিজ ম্যাচে জয় তুলে নিতে পারে, তবে ফুটবলপ্রেমীরা শেষ ষোলোতে পেতে যাচ্ছেন নেইমার-ভিনিসিয়ুস বনাম হলান্ড-ওডেগার্ডের মতো স্বপ্নের লড়াই। নকআউটের এই সমীকরণ এখন সেলেসাও সমর্থকদের জন্য যেমন রোমাঞ্চের, তেমনি চ্যালেঞ্জিংও।
এখন দেখার বিষয়, জাপানকে হারিয়ে ব্রাজিল কি নকআউটের মূল মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে কি না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন