দেশের তরুণদের সংগঠিত করে মানবিক সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের যুব শাখা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ। এ উপলক্ষে গত ২০ জুন রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ভিএসএফ স্বেচ্ছাসেবী সম্মেলন-২০২৬’। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
সম্মেলনে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, তরুণদের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ভিএসএফের ঢাকা জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ সোহেলকে আহ্বায়ক এবং আশরাফুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব জেলায় সংগঠনের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিএসএফের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে জরুরি সাড়া প্রদানকারী দল পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্যারেড ও কুচকাওয়াজ, বুট ক্যাম্প এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন। আয়োজকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা হবে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল গত এক বছরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান। নির্বাচিত স্বেচ্ছাসেবীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান বলেন, ‘মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এই যাত্রা শুরু করছি। একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণরা। ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। আমি আশা করি, দেশের তরুণরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান, সাবেক সিনিয়র সচিব মো. এম. এ. আকমল হোসেন, আবু মো. কামরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের যুব, সহনশীলতা ও জলবায়ু বিভাগের প্রধান নাজমুল আহসান এবং মিনারাত গ্রুপের পরিচালক রায়হান রহমান। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠক ও বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) দেশের তরুণদের জন্য একটি সুসংগঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়া প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশব্যাপী একটি দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন