উখিয়া-টেকনাফ অঞ্চলকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মাদক, অপহরণ, মানবপাচার, অবৈধ অস্ত্রের ব্যবহার ও সীমান্তবর্তী অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’।
শনিবার (৪ জুলাই) টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাদক, অপহরণ, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এই জনপদকে অপরাধমুক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘মাদক চোরাচালান, মানবপাচার, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং অপহরণের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তার বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা হবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টিকে নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে উখিয়া-টেকনাফ আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন