গত বছরের ব্যাপক সাফল্যের পর আবারও বাংলা-থিমভিত্তিক খাদ্য উৎসব ‘বাংলার রসনা বিলাস ২.০’ আয়োজন করতে যাচ্ছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। আগামী ৮ থেকে ১২ জুলাই পর্যন্ত রাজধানীর অ্যাটিটিউড রেস্তোরাঁয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিশেষ এই বুফে ডিনারের আয়োজন চলবে।
শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান জানায়, নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রামবাংলার ঐতিহ্য, স্বাদ ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। পুরো হোটেলকে গ্রামবাংলা-অনুপ্রাণিত সাজে সাজানো হবে, যাতে অতিথিরা খাবারের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করতে পারেন।
উৎসবে অতিথিদের স্বাগত জানানো হবে হোটেলের সিগনেচার কাঁচা আমের শরবত (আম পান্না) দিয়ে। এ ছাড়া থাকবে লাচ্ছি, ঘোল, বেলের শরবত, লেমন মিন্ট ও তেঁতুলের শরবতসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পানীয়।
খাবারের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে তাজা পদ্মার ইলিশ। বুফেতে আরও থাকবে পান্তা ভাত, ভুনা খিচুড়ি, খাসির কাচ্চি, সোনালি মুরগির পোলাও, সর্ষে ইলিশ, নারিকেল চিংড়ি, হাঁস ভুনা, গরুর কালাভুনা, দেশি মাছের বিভিন্ন পদ, শুঁটকির নানা আয়োজন, মৌসুমি সবজি ও বিভিন্ন ধরনের ডাল।
এ ছাড়া ভর্তা ও আচার স্টেশনের পাশাপাশি লাইভ স্টেশনে পরিবেশন করা হবে ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ জনপ্রিয় দেশীয় পথখাবার।
মিষ্টান্নে থাকছে মিষ্টি দই, গুড়ের দই, শাহী টুকরা, নবাবি সেমাই, পাটিসাপটা, বিভিন্ন পিঠা, নারিকেল নাড়ু, জিলাপি, ক্ষীর, দেশীয় মিষ্টি এবং মালাই চা।
শুধু খাবারই নয়, গ্রামীণ আবহ ফুটিয়ে তুলতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, গ্রামবাংলা-থিমের ফটো বুথ, ভাগ্য গণনার কর্নার, ফেস পেইন্টিং এবং একতারা সহযোগে সরাসরি বাউল সংগীত পরিবেশনার।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দে বলেন, গত বছর ‘বাংলার রসনা বিলাস’ আয়োজনটি অতিথিদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। অনেকেই এটি আবার আয়োজনের অনুরোধ করেছিলেন। এবারও এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে পরিবার ও বন্ধুরা একসঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আতিথেয়তার স্বাদ উপভোগ করতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুফের নিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৭৭ টাকা। নির্বাচিত ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফারের সুবিধা পাবেন। তবে এ ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন