জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে মার্কেটিং শিক্ষায় উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিয়ার সংযোগ এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে মার্কেটিং বিভাগ কর্তৃক এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের প্রথম দিনের একাডেমিক সেশনে ‘মার্কেটিংয়ে শ্রেষ্ঠত্ব: বিপণনে একাডেমিক গবেষণা ও অনুশীলন’ এবং ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর অধীনে মার্কেটিং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এসব সেশনে মার্কেটিংয়ের বাস্তব প্রয়োগ, আর্থিক প্রতিষ্ঠানে বিপণনের ভূমিকা, শিল্পখাতের আধুনিক কৌশল, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে মার্কেটিং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা পর্বে অংশ নেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার রানা, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ও কৃষাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবেদ চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, মেটলাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন, বিডিজবস-এর হেড অব প্রোগ্রাম মো. আলী ফিরোজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৈজী। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং পরিবর্তিত বাজারব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা অর্জন অপরিহার্য। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ক্যারিয়ার পরিকল্পনা, ভোক্তা আচরণ বিষয়ে জ্ঞান, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তারা।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন মার্কেটিং বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবোজ্জ্বল বিভাগ হিসেবে উল্লেখ করেন। তিনি বিভাগের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নেতৃত্ব, একাডেমিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্পোরেট প্রতিনিধির উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়েছে। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তা, মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের কর্মসূচি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন