রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হওয়ায় সড়ক ও অলিগলিতে পানি জমে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, চলতি মাসে এ পর্যন্ত রাজধানীতে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। স্বল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর, মোহাম্মদপুর এবং কালশীসহ নানা স্থানের সড়কে পানি জমে রয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
সবচেয়ে বেশি জলাবদ্ধতার চিত্র দেখা গেছে শেওড়াপাড়া এলাকায়। সেখানে প্রধান সড়কের পাশাপাশি আশপাশের অলিগলিও পানিতে তলিয়ে যায়। এছাড়া মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকার পেছনের সড়কগুলোতেও হাঁটুপানি জমে। গ্রিনরোড, পান্থপথ এবং কলাবাগানের অভ্যন্তরীণ সড়কেও দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকতে দেখা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন