মৌলভীবাজারের জুড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন