এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ এ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা শামীম জামান। সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত বিআইএএম অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি) আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘শাদী মোবারক’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য অভিনেতা শামীম জামানকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়।
পুরস্কার পেয়ে শামীম জামান বলেন, অভিনয় একটা শিল্প, সেই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা গল্প আকারে তুলে ধরা হয়। যেখানে সমাজ বদলের মেসেজ থাকে, মানুষ পরিবর্তন হওয়ার প্রয়াস পায়। আর পুরস্কার একজন শিল্পীকে দায়বদ্ধতার মধ্যে ফেলে দেয়, সেই সাথে ভালো কাজ করার প্রতি আগ্রহ জাগায়।
উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। অন্যান্যদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরবসহ আরো অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন