আধিপত্য দেখিয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) সেমিফাইনালে ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্সকে ২–০ গোলে পরাজিত করে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল দেশটি।
টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে স্পেন। ২২তম মিনিটে লামিন ইয়ামালের ওপর লুকাস ডিগনের ফাউলে পেনাল্টি পায় তারা। সেই পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবালের গোলে এগিয়ে যায় লা রোজা।
ঠান্ডা মাথায় গোলরক্ষক মাইক মাইনিয়ানকে পরাস্ত করে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোলটি করেন ওয়ারজাবাল।
এই বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে পড়ে ফ্রান্স। এর মাত্র আট মিনিট পরই চোটের কারণে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়াম সালিবা মাঠ ছাড়লে আরও চাপে পড়ে দলটি।
পুরো ম্যাচজুড়ে স্পেন ছিল এগিয়ে। তাদের শক্ত রক্ষণভাগ কিলিয়ান এমবাপের নেতৃত্বাধীন ফ্রান্সের আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। সেমিফাইনালের আগে পাঁচ ম্যাচে ১৫টি গোল করা ফরাসি আক্রমণভাগ এদিন কোনো ছন্দই খুঁজে পায়নি।
৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। পেনাল্টি বক্সের প্রান্তে দানি ওলমোর সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে পেদ্রো পোরো বল জালে জড়ান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল পোরোর মাত্র দ্বিতীয় গোল।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল অথবা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। কেননা আজ বুধবার (১৫ জুলাই) অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন