শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে পরীক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ সময় আন্দোলনকারীরা "দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আপস না, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম, এক-দুই-তিন-চার, শিক্ষামন্ত্রী গদি ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি। কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশে সমস্যার মুখে পড়তে হয়েছে। এ কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি ছিল এবং প্রশ্নের মানও ছিল অস্বাভাবিকভাবে কঠিন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা। প্রশ্নপত্র পুনর্মূল্যায়ন করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানান আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী রাকিব বলেন, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। একজন শিক্ষামন্ত্রীর কাছে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।
শিক্ষার্থী মাহিয়া আক্তার বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুল ছিল। বাকি প্রশ্নগুলোও এত কঠিন ছিল যে অনেক শিক্ষার্থী সঠিকভাবে উত্তর দিতে পারেনি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সমাবেশে এইচএসসি পরীক্ষার্থী জিহাদ বিন মিজান, আরিফ, শুভ বিশ্বাস সৌরভ, মাহিয়া আক্তার ও ফারহান বক্তব্য দেন। এছাড়া অভিভাবক শামীমা ইয়াসমিন ও তাহমিনা রহমান শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
বিক্ষোভে প্রায় অর্ধশত এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন