ভারতের কলকাতা বিমানবন্দরে বজ্রপাতের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান।
শুক্রবার (১৯ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানের বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে পড়লে যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী হতাহত হননি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কলকাতা বিমানবন্দরের ৫৬এল অ্যারোব্রিজে অবস্থান করছিল আগরতলাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-৬০৬৪। এ সময় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে বিমানটিতে বজ্রপাত আঘাত হানে।
বজ্রপাতের ফলে বিমানের মূল বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। মুহূর্তের মধ্যে কেবিনের আলো ও বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম বন্ধ হয়ে গেলে বিমানের ভেতরে অন্ধকার নেমে আসে। তখন বিমানটিতে ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
পরিস্থিতি বিবেচনায় দ্রুত সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। পাইলট ও গ্রাউন্ড স্টাফরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সক্ষম হন।
এ ঘটনায় বিমানের কিছু ক্ষয়ক্ষতির পাশাপাশি দুইজন গ্রাউন্ড স্টাফ সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত বিকল্প বিমানের ব্যবস্থা করে ইন্ডিগো কর্তৃপক্ষ। পরে একটি এয়ারবাস এ৩২১ বিমানে করে যাত্রীদের আগরতলার উদ্দেশে পাঠানো হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে বিকল্প ফ্লাইটটি কলকাতা ত্যাগ করে।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। আবহাওয়া পরিস্থিতির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও কিছুটা ব্যাহত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন