ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে সংঘর্ষ চলাকালীন আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে জোটটি।
সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে, মোতায়েনের মূল উদ্দেশ্য হলো আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানো, সমুদ্রসীমায় নজরদারি বৃদ্ধি করা এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট “এক্স”-এ পোস্টে এ তথ্য জানিয়েছেন। যদিও ইয়েমেনে চলমান দ্বন্দ্ব নিয়ে জোট কোনো মন্তব্য করেনি।
একই দিনে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে সৌদি সমর্থিত সরকার বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে সর্ববৃহৎ সামরিক ঘাঁটি দখল করেছে। প্রদেশের গভর্নরের তথ্য অনুযায়ী, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের ঘাঁটি দখল করে, যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।
প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, শুক্রবার সকালে গভর্নর শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন।
সৌদি নেতৃত্বাধীন এই নৌবাহিনী মোতায়েন ও সামরিক দখলের মাধ্যমে ইয়েমেনে জোটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন