ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর’কে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে জোরালো আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রাসেলসে ২৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই স্পর্শকাতর প্রস্তাবটি নিয়ে বৈঠকে বসেছেন। এর আগে ফ্রান্স, ইতালি এবং স্পেনের মতো কিছু প্রধান দেশ আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান পাল্টে গিয়ে এই প্রস্তাবের পক্ষে মত দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
কূটনীতিককূটনীতিকদের মতে, তেহরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কঠোর অবস্থান এবং রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানের অভিযোগে ক্ষুব্ধ হয়েই ইউরোপীয় দেশগুলো এখন আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার পক্ষে মত দিচ্ছে।
এদিকে ইউরোপের এমন সম্ভাব্য পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, আইআরজিসি-কে সন্ত্রাসী তকমা দেওয়া হলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সেনাবাহিনীকেও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করবে তারা।
এর আগে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল, তার প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম-কে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল তেহরান।
বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মতো হাতেগোনা কয়েকটি দেশ আইআরজিসি-কে এই তালিকায় রেখেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন