ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

তেহরানে নেই খামেনি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:১৩ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক ‘প্রতিরোধমূলক’ হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানে অবস্থান করছেন না। তাকে রাজধানীর বাইরে একটি সুরক্ষিত জায়গায় স্থানান্তর করা হয়েছে।

রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তেহরানজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল তেহরানের কেন্দ্রস্থল, বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘শিল্ড অব জুডাহ’। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয় এবং কয়েক সপ্তাহ আগে এর সময়সূচি চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করা, যা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

হামলা শুরুর পরপরই ইসরায়েলজুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছে থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা, যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে।

বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।