সৌদি আরব ইরানের মিলিটারি অ্যাটাশে এবং দূতাবাসের কিছু কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। চলমান যুদ্ধ এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশসমূহ এবং অন্যান্য আরব ও ইসলামিক দেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইরান । সৌদি আরবের মতে, এই কর্মকাণ্ড তাদের সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশী নীতিমালা, বেইজিং চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ (২০২৬)-এর স্পষ্ট লঙ্ঘন। সৌদি সরকার সতর্ক করেছে যে, এই ধরনের অব্যাহত আচরণ বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলবে।
বিবৃতিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে মিলিটারি অ্যাটাশে, সহকারী মিলিটারি অ্যাটাশে এবং আরও তিনজন দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরব তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড, আকাশসীমা, নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলে পুনর্ব্যক্ত করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন