লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় ফরিদপুরের দিপালী আক্তার (৩২) নামে এক বাংলাদেশি নারী কর্মী নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিহতের বড় বোন লাইজু বেগম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, লেবাননে অবস্থানরত স্বজন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা এ তথ্য পেয়েছেন।
দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব মুন্সিরচর গ্রামের মোফাজ্জল শেখের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, পাঁচ ভাই-বোনের মধ্যে দিপালী চতুর্থ। অভাবের সংসারের দায়িত্ব নিতে ২০২৪ সালের এপ্রিলে কাজের উদ্দেশ্যে লেবাননে যান তিনি। সেখানে প্রথমে অসুস্থ থাকলেও পরে বৈরুতের হামরা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন।
লাইজু বেগম বলেন, গত বুধবার ওই এলাকায় তীব্র বোমা হামলা হয়। এতে আমার বোনসহ ওই বাড়ির ছয়জন মারা যান। বৃহস্পতিবার আমরা বিষয়টি জানতে পারি। এখন সরকারের কাছে একটাই দাবি—আমার বোনের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।
এ ঘটনায় হতদরিদ্র পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি এখনো তার জানা ছিল না। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন