ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, দেশ আমাদের সবার। দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। গতকাল রোববার ভূমি ভবনে সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে জোর-জবরদস্তি কর আদায় করে সাম্রাজ্য বিস্তার করত, সাম্রাজ্য টিকিয়ে রাখত। কিন্তু আধুনিক সভ্যতায় নাগরিকেরা ও প্রতিষ্ঠান করের মাধ্যমে আধুনিক রাষ্ট্র পরিচালনায় অবদান রাখেন। আপনারা জানেন, একটি দেশ পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থের জোগানের জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান যেমনভাবে কর দিচ্ছে, তেমনি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও ভূমি উন্নয়ন কর দিয়ে থাকে।
মন্ত্রী আরও বলেন, গত সপ্তাহে সংসদে যে বাজেট পেশ করা হয়েছে, তা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সরকার কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের দপ্তরে প্রাপ্ত ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনাদের দপ্তরের বাজেট প্রণয়নের সময় ভূমি উন্নয়ন করের অর্থ বরাদ্দ রাখার ব্যবস্থা করবেন।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন