কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকা থেকে মিয়ানমার সামরিক বাহিনীর ব্যবহৃত বিপুল পরিমাণ গ্রেনেড, তাজা গোলাবারুদ ও গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নাফ নদী-সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট বাহিনী। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে জাদিমুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২টি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ মিলিমিটার এইচইডিড়ি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক অসাধু ব্যক্তিদের হাতে পড়লে জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হতে পারত। কোস্ট গার্ডের সময়োপযোগী অভিযানের ফলে সীমান্তে সম্ভাব্য নাশকতামূলক কর্মকা-ের ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বর্তমানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং চোরাচালান চক্রের তৎপরতা দমনে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন