অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে এরই মধ্যে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এখন টাইগারদের টার্গেট আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও ওয়ানডে ইতিহাসের পুনরাবৃত্তি করা। তিন ম্যাচের এই সিরিজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আজ দুপুর ২টায়। তবে চমক হলো, সিরিজ শুরুর আগের দিন, অর্থাৎ গতকাল মঙ্গলবার, বাংলাদেশ স্কোয়াডে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ১১ জুন ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সেখানে ছিল না ৩৩ বছর বয়সি সৌম্যর নাম। এদিকে বাঁহাতি এই ব্যাটারকে শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও কাউকে বাদ দেওয়া হয়নি।
দলের অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থেকেই সৌম্যকে ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পান লিটন। সে সময় তাকে কিছুটা খোঁড়াতেও দেখা যায়। এ ছাড়া শেষ ম্যাচে তিনি উইকেটকিপিংও করেননি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌম্যকে স্কোয়াডভুক্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন