সুইডেনের পার্লামেন্ট অভিবাসীদের জন্য কঠোর নতুন আইন পাস করেছে। ‘ভালো আচরণ’ নিশ্চিত করতে প্রণীত এই আইনের আওতায় অসদাচরণের অভিযোগে আবাসিক অনুমতি বাতিল করে বিদেশি নাগরিকদের বহিষ্কার করতে পারবে দেশটির কর্তৃপক্ষ। নতুন আইনে শুধু নতুন আবেদনকারীরাই নন, এরই মধ্যে আবাসিক অনুমতি পাওয়া ব্যক্তিদের অতীত আচরণও বিবেচনায় নেওয়া হবে। বকেয়া ঋণ পরিশোধ না করা, কর প্রদানে ব্যর্থতা, অবৈধ কর্মকা-ে জড়িত থাকা কিংবা উগ্রপন্থ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার মতো বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে সরকার। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে অভিবাসন নীতি আরও কঠোর করার যে উদ্যোগ নিয়েছে সুইডেনের ডানপন্থি সরকার, এই আইনকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারের ভাষ্য, যারা দেশের আইন ও সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাদের সুইডেনে থাকার নিশ্চয়তা থাকা উচিত নয়। তবে আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, কোন আচরণকে অগ্রহণযোগ্য ধরা হবে, তার স্পষ্ট ব্যাখ্যা না থাকায় আইনটি ইচ্ছামতো প্রয়োগের ঝুঁকি তৈরি করেছে। আবাসিক অনুমতি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সুইডিশ অভিবাসন কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিবাসন আদালতে আপিল করার সুযোগ পাবেন। নতুন এই আইন অভিবাসন প্রশ্নে সুইডেনের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন