আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানার পুলিশ মঙ্গলবার রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন। এ ছাড়া ব্যাবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ডিবি সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকা- শুরু করেন। শিশির মুন্নার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন