পিরোজপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত ২২ মে কোচিংয়ে পড়ার সময় ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ ওঠে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে না জানিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন