জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রতিদিন ইনবক্সে গালিগালাজ করে অসংখ্য মেসেজ পাঠান বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘শিগগির ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে। এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’ গতকাল শুক্রবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব কথা লেখেন।
পোস্টে তার মোবাইল ফোনে আসা একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে রাশেদ লেখেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।’
বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাশেদ খান লেখেন, ‘ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু এবার ভিন্নতা ঘটবে।’
রাশেদ খান লেখেন, ‘এরই মধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, তত তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধী দল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন