ভারতের বিভিন্ন রাজ্যে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৮০ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসাম, যেখানে এক দিনেই অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ব্রহ্মপুত্রসহ একাধিক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সিকিমে সুড়ঙ্গধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। জম্মু-কাশ্মীরে চেনাব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সালাল বাঁধের সব কপাট খুলে দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখ-, মহারাষ্ট্র, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর একাধিক রাজ্যে সতর্কতা জারি করেছে। এদিকে জম্মু-কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন লালচক এলাকায় পুলিশের টহলদলের ওপর হামলা চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। গুলিবিনিময়ে আশিক হুসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে। পাশাপাশি ড্রোনের সাহায্যে পুরো এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন