বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। গতকাল বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন রাসেল। এ সময় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে রাসেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক নেতা ও তার সহকর্মীরা অংশ নেন। রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ, ক্র্যাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। শোকবার্তায় তারা আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আবু হেনা রাসেল সর্বশেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। তিনি ডিআরইউ ও ক্র্যাবের বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন