× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৫০ এএম

আনোয়ারায় বন্যার্ত দেড় হাজার পরিবারের পাশে ‘প্রত্যাশী’

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৫০ এএম

আনোয়ারায় বন্যার্ত  দেড় হাজার পরিবারের  পাশে ‘প্রত্যাশী’

চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’। গত মঙ্গলবার আনোয়ারার পূর্ব বোয়ালিয়ার রূপসী বাংলা কমিউনিটি হলে এই ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সংস্থার পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, খাবার স্যালাইন (ওরস্যালাইন) এবং স্যানিটারি ন্যাপকিনসহ নানা জরুরি সামগ্রী।

অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণের মূল দায়িত্ব পালন করেন সংস্থার সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মাজিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) হোসেন আহমেদ, মো. খোরশেদ আলম এবং আনোয়ারা এরিয়া ম্যানেজার শেখ ফরিদ মহিউদ্দিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রত্যাশীর এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যার সংকটকালে সংস্থার এই খাদ্য সহায়তা দুর্গত মানুষদের উপকারে আসবে। পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশে প্রত্যাশীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে সংস্থাটির যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে তিনি জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার যে ধারাবাহিকতা, প্রত্যাশী যেকোনো দুর্যোগেই তা সব সময় বজায় রাখবে। বক্তব্যকালে তিনি সংক্ষেপে সংস্থাটির ৪৩ বছরের বহুমুখী কর্মযজ্ঞ উপস্থিত সবার সামনে তুলে ধরেন এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!