চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লা থেকে নিয়ে আসা ১৬ কেজি গাঁজাসহ একই পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আটক এক নারী আসামির সঙ্গে তার প্রায় ৬ মাস বয়সি কোলের শিশুটিও রয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার হরিপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি এসি বাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেনÑ মো. সুইট (২৪), তার স্ত্রী মমেনা খাতুন (২৪), শ্বশুর মতিউর রহমান (৪০) এবং তাদের দুই সহযোগী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি দল হরিপুর বাজার এলাকার ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে আসা একটি এসি বাসে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগের ভেতর থাকা ৮টি পোটলা থেকে মোট ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসতেন এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করতেন। পারিবারিক পরিচয়ের আড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে এই মাদকের কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন