× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৪৪ এএম

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:৪৪ এএম

অটোরিকশা চালকদের  সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে ময়মনসিংহে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশের আশ্বাসে চালকরা সড়ক ছেড়ে দিলে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরের দিগারকান্দা এলাকায় মহাসড়ক অবরোধ করেন চালকরা। এ সময় তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আন্দোলনকারী চালকদের ভাষ্য, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক চালককে গ্যাস না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এতে নিয়মিত যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে গেছে। অনেক চালকের দাবি, বর্তমান পরিস্থিতিতে পরিবারের নিত্যদিনের খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া চালক আজিজুল ইসলাম বলেন, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। এভাবে চললে পরিবার চালানো অসম্ভব। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

ফরিদ মিয়া নামের আরেক চালক বলেন, জেলায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে আমাদের জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে।

এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ এই যানজটের প্রভাব আশপাশের সংযোগ সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কেউ কেউ বাধ্য হয়ে যানবাহন ছেড়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পরে দুপুর ১২টার দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শিব্বিরুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!