আটলান্টিক মহাসাগরে চলাচলকারী একটি ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাসে আক্রান্ত আটজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টা ভাইরাসের এটিই একমাত্র পরিচিত ধরন। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে আটজনের শরীরে পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস নিশ্চিত করা হয়েছে। আরও দুজনকে সম্ভাব্য আক্রান্ত হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একজনের পরীক্ষার ফল এখনো চূড়ান্ত হয়নি। গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা ওই ক্রুজ জাহাজে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস নিশ্চিত হয়েছিল। তৃতীয় ব্যক্তিকেও সম্ভাব্য আক্রান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। এই রোগের এখনো কোনো নির্দিষ্ট টিকা বা কার্যকর চিকিৎসা নেই। বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই জাহাজের যাত্রী ছিলেন। একজন মার্কিন যাত্রীকে চিকিৎসার জন্য নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ নেই, তবে অতিরিক্ত পরীক্ষা চলছে। বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসের মূল সংক্রমণ ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত ব্যক্তি যাত্রার কয়েকদিনের মধ্যেই উপসর্গ দেখাতে শুরু করেন, অথচ এই ভাইরাসের সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন