নানা নাটকীয়তার পর অবশেষে মা হওয়ার খবর সামনে এনেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। শাকিব খান ও বুবলীর সংসারে গত মে মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। এমনটা অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।
কদিন ধরে চলমান গুঞ্জনের পর গত শুক্রবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে বুবলী জানান, এই দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেও এখনো তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি বা সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী কিংবা নবজাতককে স্বাগত জানিয়ে কোনো বার্তা দেননি।
কয়েক মাস ধরে অভিনয় ও গণমাধ্যম থেকে আড়ালে বুবলী। মাঝে সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও সে খবর পাওয়া যায়নি। তাদের কন্যাসন্তান দেশে নাকি বিদেশে জন্ম হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে বুবলী রূপালী বাংলাদেশকে বলেন, ‘ঢাকার এভার কেয়ার হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মা ও মেয়ে এখন ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ফিট হয়ে অচিরেই কাজে ফিরব।’
শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। শার্লিন খান বুবলীর দ্বিতীয় সন্তান। আর শাকিব খানের তৃতীয় সন্তান।
২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় আব্রাহাম খান জয়ের। আট বছরের বেশি সময় গোপনে সংসার করেন তারা। এরপর সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। যদিও পরবর্তীতে অপুকে ডিভোর্স দেন শাকিব। তবে মাঝে মধ্যেই তাদের একসঙ্গে ফ্রেম বন্দি হতে দেখা যায়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন